
মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনায় জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসী ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি শক্তিশালীকরণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৮ এপ্রিল) সকালে খুলনা কারিতাস আঞ্চলিক কার্যালয়ের সম্মেলনকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কারিতাস’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি তাঁর বক্তব্যে খুলনা শহরকে একটি আদর্শ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, “আমরা খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছি। তবে খুলনাকে একটি সত্যিকারের গ্রীন সিটিতে পরিণত করতে হলে নগরবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা একান্ত প্রয়োজন।” তিনি আরও জানান যে, নগরীর দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং বস্তিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য একটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কেবল তাত্ত্বিক আলোচনার সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন নিয়ে শুধু সভা-সেমিনার করলেই হবে না, এ নিয়ে মাঠ পর্যায়ে সকলকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। বিশেষ করে সাইক্লোন ও নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্ত হয়ে যারা শহরে আশ্রয় নিয়েছেন, তাদের জন্য দীর্ঘমেয়াদী পুনর্বাসনের পরিকল্পনা প্রয়োজন।” এছাড়া শহরের ট্রাফিক ব্যবস্থা উন্নত করতে ইজিবাইকের সংখ্যা নিয়ন্ত্রণের প্রচেষ্টাও চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন খুলনা কারিতাসের আঞ্চলিক পরিচালক আলবিনো নাথ।বৈঠকের মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন।কারিতাসের টেকনিক্যাল বিশেষজ্ঞ ইম্মানুয়েল চয়ন বিশ্বাসও অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, গবেষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, এই সংলাপের মাধ্যমে জলবায়ু অভিবাসীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে একটি কার্যকর পথনকশা তৈরি হবে।

