
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত এক যানবাহনের চাপায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল সকালে উপজেলার চান্দুরা পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে মহাসড়কের চান্দুরা পাম্পের সামনে ওই নারীকে রক্তাক্ত ও আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
”প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কোনো যানবাহন ওই নারীকে চাপা দিয়ে চলে গেছে। তবে ঘাতক গাড়িটিকে শনাক্ত করা সম্ভব হয়নি।”
নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, মরদেহটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) কারিগরি সহায়তায় নিহতের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহ করা হয়েছে। জাতীয় পরিচয়পত্রের ডাটাবেসের সাথে এই ছাপ মিলিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ আরও জানায়, ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিচয় পাওয়া গেলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

