
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই আবীর (৬) আহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম ও আহত আবীর ঝিনাইদহ পৌরসভার ভুটিয়ারগাতী গ্রামের আমিরুল মুন্সির ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর ২(দুই) ভাই আইসক্রিম কিনে বাড়ি ফিরছিল। এ সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. উমা ইসলাম আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত আবীরকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামসুল আরেফিন জানান, সন্ধ্যার পর ঝিনাইদহ বাইপাস সড়কে একটি মাক্রো বাসের ধাক্কায় একজন নিহত হয়। যতটুকু জানতে পেরেছি মাইক্রোবাসটি নিহতের পরিবারদের পরিচিত এজন্য তারা থানায় কোন অভিযোগ দেননি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

