
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধায় একটি বিয়ের অনুষ্ঠানে খাবার প্লেটে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর ছায়দার আলী (৫০) হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মোঃ গোলজার রহমানকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-১৩।
গতকাল ১ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৯:১৫ মিনিটে গাইবান্ধা সদর থানাধীন ১০ নং ঘাগোয়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোলজার রহমান উত্তর ঘাগোয়া (টেংগামারা) এলাকার মৃত আব্দল সামাদের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ জুন ২০২৫ তারিখ দিবাগত রাত ২টার দিকে একটি বিয়ে বাড়ির খাবার অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত হয়। তর্কের একপর্যায়ে আসামি মনোয়ারা বেগম ভিকটিম ছায়দার আলীর মুখে ভাত-মাংসসহ প্লেট ছুড়ে মারেন। এর প্রতিবাদ করলে গোলজার রহমানসহ ১৫-২০ জন সংঘবদ্ধ হয়ে লাঠি, লোহার রড ও রান্নার লাকড়ি দিয়ে ছায়দার আলীর মাথায় ও শরীরে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে।
পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুন ২০২৫ তারিখে ছায়দার আলী মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে গাইবান্ধা থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৩১/২৫৯) দায়ের করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব-১৩ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-০৩, গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি গোলজার রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে বলে এলিট ফোর্সটি নিশ্চিত করেছে।

