
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহে মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি তেল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয় ও জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ও আল-আমিন এবং বিএসটিআই’র পরিদর্শক মামুনুর রহমান।
অভিযান চলাকালে মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখার দায়ে ইয়াফাদ ফিলিং স্টেশনকে ১০(দশ) হাজার টাকা, ইউসুফ-২(দুই) ফিলিং স্টেশনকে ৫ (পাঁচ)হাজার টাকা এবং ঝিনাইদহ ফিলিং স্টেশনকে ২ (দুই)হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে তামিম ফিলিং স্টেশনকে ১০ (দশ) হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় তেল নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করায় ৫(পাঁচ)জনকে মোট ২০০ (দুইশত)টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কাগজপত্র না থাকায় আরও ২ ( দুই)মোটরসাইকেল চালককে ৫০০(পাঁচশত) টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বিএসটিআই’র পরিদর্শক মামুনুর রহমান জানান, বিক্রি বন্ধ থাকা ফিলিং স্টেশনগুলোতে কোনটায় ২ (দুই) হাজার লিটার আবার কোনটাই ২৩’শ (তেইশ) লিটার তেল মজুদ ছিলো। পরে তাদের আবারো বিক্রির আদেশ দেওয়া হয়। তেলের অবৈধ মজুদ ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

