
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধা শহরের একটি ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা সড়ক অবরোধ করেছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে শহরের মেসার্স আর রহমান ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বাইকাররা জানান, সকাল থেকেই পাম্পটিতে তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইন পড়ে। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পর পাম্প কর্তৃপক্ষ হঠাৎ জানায় যে, কারিগরি ত্রুটির কারণে তাদের তেল দেওয়ার মেশিনটি নষ্ট হয়ে গেছে। এই ঘোষণায় উপস্থিত কয়েকশ মোটরসাইকেল চালক উত্তেজিত হয়ে পড়েন। তারা পাম্প কর্তৃপক্ষের অব্যবস্থাপনার প্রতিবাদে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
যানজট ও জনভোগান্তি
অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। প্রায় ৫ থেকে ৭ মিনিট সড়ক অবরুদ্ধ থাকায় শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রশাসনের হস্তক্ষেপ
খবর পেয়ে গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা বাইকারদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।
এ দিকে ফিলিং স্টেশনটির তদারকির দায়িত্বে থাকা ট্যাগ অফিসার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার জনাব মোঃ কাজল মিয়া দেরিতে ঘটনাস্থলে পৌঁছান। মেশিন সচল হওয়ার পর তিনি সাংবাদিকদের জানান-
”আমি এখানে আসার পর পাম্প কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে মেশিন ঠিক করার আল্টিমেটাম দিয়েছিলাম। তারা বেলা ১১টার মধ্যে মেশিন সচল করার প্রতিশ্রুতি দিয়েছিল। বর্তমানে মেশিন সচল হয়েছে। আমরা চেষ্টা করছি নিয়মতান্ত্রিকভাবে সবাইকে তেল সরবরাহ নিশ্চিত করতে। কাউকে একই বাইকে একাধিকবার তেল না দেওয়ার জন্য এবং লাইনে শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।”

