
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধা গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মচারীদের কাজের গতিশীলতা বৃদ্ধি, সততা ও কর্মস্পৃহা উৎসাহিত করতে ‘সেরা কর্মচারী’ সম্মাননা প্রদান করা হয়েছে। ফেব্রুয়ারি ২০২৬ মাসের সেরা কর্মচারী হিসেবে নির্বাচিত হয়েছেন সাধারণ শাখার অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মো: আতিকুর রহমান।
সোমবার (৩০ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক স্টাফ সভায় তাঁর হাতে এই সম্মাননা সনদ তুলে দেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
সম্মাননা পত্রে উল্লেখ করা হয়, জনাব মো: আতিকুর রহমান তাঁর দায়িত্ব পালনকালে অত্যন্ত সততা, দক্ষতা, আন্তরিকতা ও কর্মস্পৃহার পরিচয় দিয়েছেন। তাঁর এই অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ফেব্রুয়ারি মাসের সেরা কর্মচারী হিসেবে মনোনীত করা হয়েছে।
সনদ প্রদানকালে জেলা প্রশাসক বলেন, “সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি কর্মচারীদের কাজের স্বীকৃতি প্রদান একটি ইতিবাচক সংস্কৃতি। এর ফলে অন্যরাও নিজেদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত হবেন।”
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। সেরা কর্মচারীর স্বীকৃতি পাওয়ায় জনাব আতিকুর রহমানকে সহকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।
