
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহে আকস্মিক শিলাবৃষ্টিতে বিভিন্ন এলাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তার উপর গাছ ভেঙ্গে পড়ে যান চলাচল ব্যহত হয়। এরই মধ্যে কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের পারক্ষিদ্দা গ্রামে একটি বেগুন ক্ষেতে পাওয়া গেছে বড় আকারের একটি শিলাখন্ড, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌত‚হলের সৃষ্টি করেছে।
রোববার (২৯ মার্চ) রাতে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় হালকা শিলাবৃষ্টি হয়। এতে বোরো ধান, বেগুন, পটল, টমেটোসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন।
স্থানীয় কৃষক ফজলুর রহমানের ছেলে সবুজ হোসেন জানান, শিলাবৃষ্টির পরদিন সোমবার সকালে তিনি তাদের বেগুন ক্ষেত দেখতে যান। এ সময় তিনি দেখতে পান, পাখির হাত থেকে ফসল রক্ষার জন্য ক্ষেতের ওপর টাঙানো নাইলনের জালের ওপর একটি বড় শিলাখনন্ড জমাট বেঁধে রয়েছে। শিলাবৃষ্টিতে আমাদের এলাকার অনেক ফসল নষ্ট হয়ে গেছে। ক্ষেত দেখতে গিয়ে এই বড় শিলাখন্ডটি চোখে পড়ে। পরে সেটি বাড়িতে নিয়ে আসলে এলাকার বিভিন্ন বয়সী মানুষ তা দেখতে ভিড় করেন।
স্থানীয়রা জানান, এত বড় আকারের শিলাখন্ড আগে কখনও দেখেননি তারা।
এদিকে একই সময় হালকা বৃষ্টির সাথে ঝড়ে ঝিনাইদহ সদরের বিভিন্ন এলাকায় সড়কে কয়েকটি গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ কয়েক ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে আটটার দিকে গাছগুলো অপসারণ করে।
জানা যায়, সদর উপজেলার বৈডাঙ্গা বাজার এলাকা, বিদ্যুৎ অফিসের সামনে ও শহরের উজির আলী স্কুলের সামনে একটি ছোট ও দুটি বড় গাছ ভেঙ্গে সড়কের উপর পড়ে।
শহরের ফল বিক্রেতা মহিউদ্দিন জানান, ঝড়ের সময় উজির আলী স্কুলের একটি বড় গাছ বিদ্যুতের তারের উপর দিয়ে সড়কের উপর ভেঙে পড়ে। সেসময় শহর থেকে বাস টার্মিনাল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে এক ঘন্টার চেষ্টা পর উজির আলী স্কুলের সামনের বড় গাছটি কেটে অপসারণ করে। এরপর সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
