
নিজস্ব প্রতিনিধি :
রাজধানীর মিরপুর এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল, অবৈধ স্থাপনা ও হকারদের কারণে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে মিরপুর-১ থেকে মিরপুর-১৪ নম্বর পর্যন্ত সড়কের দু’পাশে ফুটপাত প্রায় সম্পূর্ণভাবে দখল হয়ে পড়েছিল, ফলে পথচারীরা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করছিলেন।
এ পরিস্থিতি থেকে নাগরিকদের স্বস্তি দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন দৃঢ় উদ্যোগ গ্রহণ করেছেন। তার সরাসরি তদারকিতে শুরু হয়েছে ফুটপাত দখলমুক্ত করার অভিযান।
অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত থেকে হকারদের সরিয়ে দেওয়া এবং সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ জোরদার করা হয়েছে। ইতোমধ্যে মিরপুর-১ থেকে ১৪ নম্বর পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশে ফুটপাত পরিষ্কার করা হয়েছে, যা পথচারীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করতে বড় ভূমিকা রাখছে।
ডিএনসিসি প্রশাসক বলেন, “ফুটপাত পথচারীদের জন্য, কোনোভাবেই দখলদারদের জন্য নয়। নগরবাসীর স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, দীর্ঘদিন পর ফুটপাত দিয়ে স্বাচ্ছন্দ্যে হাঁটার সুযোগ পাচ্ছেন, যা নগর জীবনে এক বড় স্বস্তি।
ডিএনসিসির এই কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকলে মিরপুর এলাকাসহ পুরো নগরীতে শৃঙ্খলা ফিরবে এবং নাগরিকদের জীবনযাত্রা আরও সহজ ও নিরাপদ হবে—এমনটাই প্রত্যাশা সবার।
