
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী হাটে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একটি নিবন্ধনহীন পাম্পে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্স নামের ওই প্রতিষ্ঠান থেকে ১২০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে এবং মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) দুপুর ১২ টার সময় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর।
আদালত সূত্রে জানা গেছে, ভরতখালী হাটের ওই পাম্পটিতে দীর্ঘদিন ধরে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির প্রোপাইটার আবুল কালাম আহাদ (অলক)-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পাম্পের নিবন্ধন সংক্রান্ত কাগজপত্র যাচাই করতে গিয়ে নানা অনিয়ম ধরা পড়ে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর সাংবাদিকদের জানান, জব্দকৃত ১২০০ লিটার পেট্রোল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিক্রিত অর্থ দ্রুত সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে এই পাম্পটিতে সাধারণ মানুষের কাছ থেকে তেলের অতিরিক্ত দাম রাখা হচ্ছিল। এই অভিযানের ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
