
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
রাজধানীর গুলশান-২ এলাকায় গভীর রাতে চলাচলের সময় পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন গাইবান্ধার মডেল হানি খন্দকার। আজ রোববার (২৯ মার্চ) রাত ২টা ৪১ মিনিটের দিকে গুলশান-২ এলাকার একটি সড়কে টহলরত পুলিশ তাকে ও তার সাথে থাকা কয়েকজনকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে রাস্তায় কয়েকজন যুবকের সঙ্গে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে পুলিশ তাদের গতিরোধ করে। এরপর তাদের পরিচয় যাচাই করা হয় এবং সেখানে উপস্থিত থাকার কারণ জানতে চাওয়া হয়।
জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাদের প্রাথমিক সতর্কতা প্রদান করে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং অহেতুক ঘোরাঘুরি না করার পরামর্শ দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে এসময় কাউকে আটক বা আইনি প্রক্রিয়ায় নেওয়া হয়নি।
এ বিষয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, নিয়মিত টহলের অংশ হিসেবেই সন্দেহভাজনদের পরিচয় যাচাই করা হয়েছে। মডেল হানি খন্দকার ও তার সঙ্গীদের সতর্ক করে দিয়ে পরিবারের হেফাজতে বা নিরাপদ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।
