
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তিতাস নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে বাঞ্ছারামপুর ও কুমিল্লার হোমনা উপজেলার সীমানা সংলগ্ন নদীপথ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে তিতাস নদীর সীমানা এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ডাঙায় নিয়ে আসে। নিহতের পরনে থাকা পোশাক দেখে প্রাথমিকভাবে তাকে নারী হিসেবে শনাক্ত করা গেলেও এখন পর্যন্ত তাঁর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
বাঞ্ছারামপুর থানা পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানাগুলোতে খবর দেওয়া হয়েছে এবং পিবিআইসহ (PBI) সংশ্লিষ্ট সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধার হওয়া নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

