
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান আফতাবনগর-বনশ্রী এলাকায় নির্মাণাধীন তিনটি সেতুর কাজ পরিদর্শন করেছেন। নগরবাসীর যাতায়াত সুবিধা বাড়ানো এবং যানজট নিরসনে গুরুত্বপূর্ণ এ প্রকল্পগুলোর অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। তিনি বলেন, “নগরবাসীর দুর্ভোগ কমাতে এসব সেতুর কাজ দ্রুত ও মানসম্মতভাবে শেষ করা অত্যন্ত জরুরি।”
এ সময় তিনি নির্মাণকাজের গুণগত মান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন। পাশাপাশি এলাকাবাসীর স্বার্থ বিবেচনায় কাজ চলাকালীন সময়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার নির্দেশ দেন।
উল্লেখ্য, আফতাবনগর ও বনশ্রী এলাকার সংযোগ উন্নত করতে নির্মাণাধীন এসব সেতু চালু হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে ব্যাপক স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

