
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এই বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেলে একটি বিশাল আনন্দ মিছিল নবীনগর পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে এবং পরে উপজেলা গেটের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন:
মো. আবু মোছা, সাবেক প্রধান শিক্ষক, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
মাসুদুর ইসলাম মাসুদ, সদস্য, জেলা বিএনপি।
আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি।
বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন এই কমিটির বলিষ্ঠ নেতৃত্বে স্থানীয় শ্রমিক আন্দোলন আরও বেগবান হবে এবং জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
নবগঠিত কমিটির আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদ আবেগঘন বক্তব্যে বলেন,
”আমার বাবা মরহুম দেনু মিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি ছিলেন। আজ দল আমাকে মূল্যায়ন করেছে। এই কমিটি দেওয়ায় আমি নবাগত সংসদ সদস্য আব্দুল মান্নান মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সভাপতি প্রার্থী আহমেদ রোবেল এবং সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ মনির হোসেন মনির।
সমাবেশে উপজেলা ও পৌর শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ মার্চ জাবেদুল ইসলাম জাবেদকে আহ্বায়ক এবং শাহ আলমকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট নবী নগর উপজেলা শ্রমিক দলের এই আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল।
আজ আনন্দ মিছিলের মাধ্যমে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের সাংগঠনিক শক্তির জানান দিলেন।

