
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক বৃদ্ধ কেয়ারটেকারকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় প্রয়াত শিল্পপতি শেখ আশরাফ উদ্দিন (ধন) মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মো. নুর আহম্মদ (৬৫) ওই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের আকবর আলীর ছেলে। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। বাড়ির মালিকপক্ষ প্রবাসে থাকায় তিনিই পুরো সম্পত্তি দেখাশোনা করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুর আহম্মদ প্রতিদিন ভোরে ওই বাড়িতে গিয়ে গবাদি পশুকে খাবার দিতেন।
সোমবার সকালে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তিনি বাড়িতে না ফেরায় তার ছেলে সুমন মিয়া খোঁজ নিতে যান। বাড়ির প্রধান ফটক বন্ধ দেখে তিনি দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করেন এবং বাড়ির পশ্চিম পাশে গোঙানির শব্দ শুনতে পান। সেখানে গিয়ে তিনি তার বাবাকে মাথায় উপর্যুপরি কোপানো ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে সুমন মিয়া বলেন, “আমার বাবার সাথে কারো কোনো শত্রুতা ছিল না। কেন তাকে এভাবে মরতে হলো জানি না।” স্থানীয়দের ধারণা, এলাকাটি নির্জন হওয়ায় সন্ধ্যায় মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়।
ডাকাতির উদ্দেশ্যে আসা কাউকে চিনে ফেলায় হয়তো তাকে হত্যা করা হয়েছে।
এই ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা বেগম ও সন্তানদের আহজারিতে এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদির ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর হয়েছে।
ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আটকে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

