
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টর্চলাইটের আলো চোখে পড়াকে কেন্দ্র করে মোসাব্বির হোসেন (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত শনিবার ঈদের দিন রাতে উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মোসাব্বির নাসিরনগর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের বড়শির গ্রামের আবু মিয়ার ছেলে। সে তার বাবাকে নৌকা চালানোর কাজে সহায়তা করত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চাতলপাড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গুজিয়াখাইল গ্রামের সরদার বাড়ি এবং ৬ নম্বর ওয়ার্ডের বড়নগর গ্রামের আফতাব মিয়া গোষ্ঠীর মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ ছিল। ঈদের দিন সন্ধ্যায় বড়নগর গ্রামে গান শোনার সময় টর্চলাইটের আলো চোখে পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের কিশোরদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন মোসাব্বিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেঘনা নদীর পাড়ে ফেলে রেখে যায়।
রাত সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল গণমাধ্যমকে জানান, ঈদের সন্ধ্যায় মোসাব্বির ও তার বন্ধুরা গান শুনছিল। অন্ধকারের মধ্যে টর্চলাইটের আলো কয়েকজনের চোখে লাগলে কথা-কাটাকাটি হয়, যা পরবর্তীকালে হত্যাকাণ্ডে রূপ নেয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

