
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডিজেল ও কেরোসিন বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকায় র্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুলতানপুর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ তোয়াক্কা না করে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের দাম বাড়িয়ে বিক্রি করছেন। প্রমাণ পাওয়ায় উক্ত আইনের ৫২ ধারায় স্থানীয় ব্যবসায়ী মোঃ বাসির মিয়াকে ২০,০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পণ্যের সঠিক মূল্য তালিকা প্রদর্শন এবং নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করা প্রত্যেক ব্যবসায়ীর আইনি বাধ্যবাধকতা। কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ ভোক্তাদের ঠকিয়ে অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টা করছে, যা প্রতিরোধে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
র্যাব-৯ ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা গণমাধ্যমকে জানান:
”ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হয় এমন যেকোনো অনিয়মের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা ব্যবসায়ীদের আইন মেনে এবং জনস্বার্থ বিবেচনা করে ব্যবসা পরিচালনার আহ্বান জানাচ্ছি।”
জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
