
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য বিতরণ নিয়ে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কার্ডধারী ভুক্তভোগীদের দাবি, ন্যায্যমূল্যের পণ্য পাওয়ার ক্ষেত্রে তারা ডিলার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈষম্য এবং অব্যবস্থাপনার শিকার হচ্ছেন।
অনেক ভুক্তভোগী দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে খালি হাতে বাড়ি ফিরেছেন। তাদের অভিযোগ, কার্ড থাকা সত্ত্বেও “পণ্য শেষ হয়ে গেছে” বলে তাদের ফিরিয়ে দেওয়া হয়।
পণ্য নিতে আসা নিম্ন আয়ের মানুষের সাথে ডিলার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের অপেশাদার ও রূঢ় আচরণের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীদের দাবি, প্রকৃত কার্ডধারীদের বঞ্চিত করে রাতের অন্ধকারে বা গোপনে টিসিবির পণ্য বাইরে চড়া দামে বিক্রি করে দেওয়া হচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে গিদারি ইউনিয়নে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগীরা দ্রুত এই অনিয়মের তদন্ত এবং দোষী ডিলার বা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, যথাযথ তদারকি না থাকায় সরকারের এই মহৎ উদ্দেশ্য ভেস্তে যাচ্ছে।
বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে বার বার যোগাযোগ করা হলে তিনি এ কোন প্রকার বক্তব্য না দিয়েই বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) ডিলার বলেন- আমাদের মাল আছে, যার যার কার্ড আছে তারা প্রত্যেকেই অবশ্যই মাল পাবে।

