
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ:
আসন্ন পবিত্র ঈদকে সামনে রেখে সড়কে যানবাহন চলাচল নিরাপদ করতে ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশ সতর্কতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কে চলাচলকারী চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।
বুধবার বিকাল ৫ টার দিকে ঝিনাইদহ ঢাকা মহাসড়কের হাটগোপালপুর বাজারে এ কার্যক্রম পরিচালনা করেন হাইওয়ে পুলিশের সদস্যরা। এ সময় তারা যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতি পরিহার, ওভারটেকিংয়ে সতর্কতা অবলম্বন, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
লিফলেটে উল্লেখ করা হয়, ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় সড়কে দুর্ঘটনার ঝুঁকি থাকে বেশি। তাই সবাইকে ধৈর্য ধরে ও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় না নামানোর জন্য মালিকদের প্রতি অনুরোধ করা হয়।
স্থানীয়রা হাইওয়ে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সচেতনতা বাড়লে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে তারা আশা করছেন।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, ঈদকে কেন্দ্র করে সড়কে যানবাহনের চাপ অনেক বেড়ে যায়। দুর্ঘটনা এড়াতে আমরা সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। এ সময় সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। যাত্রীদেরও নিরাপদ ভ্রমণের জন্য সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

