
নিজস্ব প্রতিবেদক :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর ভিডিও তৈরি করে ব্ল্যাকমেইলের এক ভয়ংকর অভিযোগ উঠেছে রাব্বি হাওলাদার ওরফে রাহান (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী তরুণী সাদিয়া বর্তমানে এই প্রতারকের হাত থেকে বাঁচতে এবং সুষ্ঠু বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
ঘটনার সূত্রপাত
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে সাদিয়ার সাথে পরিচয় হয় রাব্বির। রাব্বি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার দৈব কাঠি গ্রামের শামীম হাওলাদারের ছেলে। বর্তমানে সে চট্টগ্রামের সিইপিজেড এলাকার ই-অন কেএসএল গার্মেন্টসে কর্মরত এবং বাদামতলা ধুম পাড়া এলাকায় বসবাস করে। দীর্ঘদিনের সম্পর্কের পর রাব্বি সাদিয়াকে বিয়ের প্রস্তাব দিলে সাদিয়া তাতে রাজি হন।
ব্ল্যাকমেইল ও প্রযুক্তির অপব্যবহার
২০২৪ সালে তাদের সম্পর্কের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে রাব্বি হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আলাপচারিতার সময় সাদিয়ার অজান্তে স্ক্রিনশট এবং ভিডিও ধারণ করে। পরবর্তীতে অভিযোগ ওঠে যে, রাব্বি ওই সাধারণ ভিডিওগুলোকে এআই (AI) প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত আপত্তিকর ভিডিওতে রূপান্তর করে। বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সাদিয়ার সাথে শারীরিক সম্পর্ক বজায় রাখলেও বর্তমানে সে বিয়ের কথা অস্বীকার করছে। উল্টো ওই এআই জেনারেটেড ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সাদিয়ার কাছ থেকে দফায় দফায় মোটা অংকের টাকা দাবি করছে সে।
একাধিক নারীর জীবন ধ্বংসের অভিযোগ
ভুক্তভোগী সাদিয়া পরবর্তীতে জানতে পারেন যে, রাব্বি বিবাহিত এবং তার সন্তান রয়েছে। এখানেই শেষ নয়, এর আগেও সে খাদিজা, হিয়াও প্রিয়া নামের আরও একাধিক মেয়ের সাথে একই কায়দায় প্রতারণা করে তাদের জীবন নষ্ট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিচার চান ভুক্তভোগী
অসহায় সাদিয়া এখন লোকলজ্জা আর ব্ল্যাকমেইলের ভয়ে দিশেহারা। তিনি বলেন:
”আমি ওর বিয়ের প্রস্তাবে বিশ্বাস করেছিলাম। কিন্তু ও একটা প্রতারক। ও আমার সম্মান নিয়ে খেলা করছে এবং এখন টাকা চাচ্ছে। আমি চাই প্রশাসন দ্রুত এই কুলাঙ্গারকে গ্রেফতার করে কঠিন শাস্তি দিক যাতে আর কোনো মেয়ের জীবন এভাবে নষ্ট না হয়।”

