
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জনসচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে ‘ডেঙ্গু প্রতিরোধ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে আজ রোববার জেলা শহরের বিভিন্ন স্থানে মশক নিধন, লার্ভা ধ্বংস এবং বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
সকালে এই বিশেষ অভিযানের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
কর্মসূচির সার্বিক তদারকি ও বাস্তবায়নে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক (উপসচিব) শরিফুল ইসলাম।
অভিযান চলাকালে ফগার মেশিনের সাহায্যে মশক নিধন এবং ড্রেন ও জমে থাকা পানিতে জন্ম নেওয়া মশার লার্ভা ধ্বংসে কার্যকর ওষুধ প্রয়োগ করা হয়। পৌরসভার প্রতিটি ওয়ার্ডসহ জেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীরা বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকা থেকে ময়লা-আবর্জনা অপসারণ করেন।
পরবর্তীতে ডেঙ্গু মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখতে কেবল সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, জনসাধারণের সচেতনতাও সমান জরুরি। নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
পৌর প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

