রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ তিনটি থানা—কাফরুল, রূপনগর ও পল্লবী। জনবহুল ও সংবেদনশীল এই এলাকাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিন থানার অফিসার ইনচার্জ (ওসি)। তাদের সততা, দক্ষতা ও দায়িত্বশীল নেতৃত্বের কারণে এলাকাবাসীর মাঝে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
দৈনিক জনজাগরণ টিমের অনুসন্ধানে দেখা গেছে, এই তিন থানার ওসিরা মাদক ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থান নিয়েছেন এবং অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন। ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অপরাধ প্রবণতা কমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
রূপনগর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হাসান মাসুদ একজন আইজিপি পদকপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি রূপনগর এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। এলাকাবাসীর তথ্য মতে, তার নেতৃত্বে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, তিনি অত্যন্ত কর্মঠ ও দায়িত্বশীল একজন কর্মকর্তা, যিনি দিনরাত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন। বিশেষ করে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করে ব্যাপক প্রশংসা অর্জন করেন।
অন্যদিকে কাফরুল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজ্জাদ হোসেন তার সততা, মানবিকতা ও ন্যায়পরায়ণতার জন্য এলাকায় সুপরিচিত। তিনি সরকার কর্তৃক গোল্ড মেডেলপ্রাপ্ত একজন কর্মকর্তা। এলাকাবাসী বলেন, তিনি অত্যন্ত সাদা মনের মানুষ এবং তার কাছে প্রতিটি মানুষ সমান। থানায় আসা যেকোনো অভিযোগ তিনি নিরপেক্ষভাবে বিবেচনা করেন এবং আইনের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করেন।
নির্বাচনের সময়েও তিনি অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন বলে এলাকাবাসীর অভিমত। মাদক ও সন্ত্রাস নির্মূলে তার নেতৃত্বে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে, যার ফলে কাফরুল এলাকায় অপরাধ প্রবণতা অনেকটাই কমেছে। এলাকাবাসী মনে করেন, তার মতো একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা থাকলে ভবিষ্যতেও এ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
এছাড়াও পল্লবী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন একজন গোল্ড মেডেলপ্রাপ্ত দক্ষ পুলিশ কর্মকর্তা। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই পল্লবী এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তার নেতৃত্বে পল্লবী থানার পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
এলাকাবাসীর মতে, তিনি অত্যন্ত সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ একজন কর্মকর্তা, যিনি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেন। তার কর্মকাণ্ডে সাধারণ মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও তার মতো একজন দায়িত্বশীল অফিসার ইনচার্জ পল্লবী থানায় দেখতে চান।
স্থানীয়দের মতে, এই তিন থানার ওসিদের সততা, দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টার কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অপরাধ প্রবণতা কমেছে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা ও স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, কিছু অসাধু কর্মকর্তা অর্থের বিনিময়ে রাজধানীর বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব নেওয়ার চেষ্টা করছেন। সচেতন মহল মনে করেন, যদি এ ধরনের অসাধু কর্মকর্তারা গুরুত্বপূর্ণ থানার দায়িত্ব পান, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হতে পারে।
এই প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা—সৎ, দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের দিয়েই যেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ থানাগুলো পরিচালিত হয়। একই সঙ্গে যেসব অসাধু কর্মকর্তা অর্থের বিনিময়ে পদায়নের চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।
এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতি জনগণের প্রত্যাশা, সৎ ও যোগ্য কর্মকর্তাদের মূল্যায়ন করে তাদের নেতৃত্বেই দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব আরও শক্তিশালী করা হবে।