
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় কসমেটিকস ও চকলেটসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ মার্চ) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।
আশুগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৭টার দিকে টোলপ্লাজা এলাকায় পুলিশের একটি বিশেষ টিম অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন একটি সাদা রঙের ছোট কাভার্ডভ্যানকে সিগন্যাল দিয়ে থামানো হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা ৫০০ পিস মারগো সাবান, ৬০০ পিস মেহেদী, ৫০ জোড়া ফেসওয়াশ ও টুথপেস্ট এবং বিপুল পরিমাণ স্নিকার্স ও কিটক্যাট চকলেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
মোঃ সুমন (৩৮): ঝালকাঠি জেলার নলছিটি থানার শরমহল গ্রামের মোঃ আনসার আলীর ছেলে।
আব্দুল কাদির (২২): সিলেট জেলার গোয়াইনঘাট থানার নিজধর গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে মালামাল ও পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য যাচাই করা হচ্ছে। একইসঙ্গে এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বাকি সদস্যদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

