
মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনা মহানগরীর নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফুটিয়ে ১০নং ওয়ার্ডে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রাপ্তির লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় খালিশপুরস্থ হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে এই কার্যক্রমের সূচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক দেশব্যাপী এই মহতী উদ্যোগের অংশ হিসেবে খুলনার খালিশপুরে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় তালিকাভুক্ত উপকারভোগীদের হাতে ডিজিটাল ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, এমপি। তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান সরকার সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বদ্ধপরিকর। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলো এখন থেকে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন। এটি বাজার নিয়ন্ত্রণে সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু বলেন, “সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা নিশ্চিত করছি যে, প্রকৃত অভাবী মানুষরাই যেন এই কার্ডের সুবিধা পায়। তৃণমূল পর্যায়ে স্বচ্ছতার সাথে এই কার্ড বিতরণ করা হচ্ছে এবং এর সুফল প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার জনাব মো: মোখতার আহমেদ। তিনি প্রশাসনের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। সুষ্ঠুভাবে এই কার্যক্রম পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের পর অতিথিরা ফ্যামিলি কার্ড বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করেন। খালিশপুর এলাকার কয়েকশ উপকারভোগী কার্ড গ্রহণ করেন। সাশ্রয়ী মূল্যে পণ্য পাওয়ার এই সুযোগ পেয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও সন্তুষ্টি দেখা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির পক্ষ থেকে সকল উপকারভোগীকে নিয়ম মেনে পণ্য সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

