
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুর মহানগরীর ৩৮ নং ওয়ার্ডের সোয়াদ কমিউনিটি সেন্টারে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা–এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ এবং আমন্ত্রিত অতিথিদের সম্মানে ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইসরাইল হাওলাদার, কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। জিএমপি কমিশনারকে সংগঠনটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে। অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তারা যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকেও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রদীপ দেবনাথ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার মূল লক্ষ্য। ভবিষ্যতেও সংগঠনটি মানবকল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গাজী মামুন। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই সংগঠনের প্রধান উদ্দেশ্য। এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ শাহীন এবং কোষাধ্যক্ষ শওকত আলী ফকির–এর সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। পরে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গাজী মামুন।
অনুষ্ঠান শেষে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার সদস্যরা অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় অনুষ্ঠানে সমাজের সচেতন ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

