
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনুদপুর ইউনিয়নে নির্বাচনের দীর্ঘ সময় পর রাজনৈতিক বিরোধের জেরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ (রবিবার) ধানের শীষ ও হাতপাখা প্রতীকের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষে একজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের পর থেকে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ভেতরে ভেতরে উত্তেজনা বিরাজ করছিল।
আজ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জিনুদপুর ইউনিয়নে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, নির্বাচনের এতদিন পার হয়ে গেলেও রাজনৈতিক রেষারেষি না কমায় এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এই বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

