বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আব্বাস আলী মানবতার এক অনন্য দৃষ্টান্ত। সমাজের অসহায়, গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি দীর্ঘদিন ধরে নীরবে মানবসেবার কাজ করে যাচ্ছেন। এলাকাবাসীর মতে, মানবিকতা, সততা এবং মানুষের প্রতি ভালোবাসা দিয়ে তিনি ইতোমধ্যেই মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।
ঢাকার ১৬ নং ওয়ার্ডসহ আশপাশের এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মোঃ আব্বাস আলী তার পদচারণা রেখেছেন। সমাজের অবহেলিত মানুষের কল্যাণে তিনি প্রতিষ্ঠা করেছেন “মোহাম্মদ আব্বাস আলী ফাউন্ডেশন” নামে একটি মানবিক সংগঠন। এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিদিন অসংখ্য মানুষ নানাভাবে উপকৃত হচ্ছেন।
বিশেষ করে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে তিনি বিভিন্ন এলাকায় প্রতিদিন ইফতার মাহফিলের আয়োজন করছেন। সেখানে গরিব, অসহায় ও কর্মজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। শুধু তাই নয়, ঈদকে সামনে রেখে তিনি অসহায় পরিবারের মাঝে ঈদের নতুন জামাকাপড় বিতরণ এবং অনেকের বাজার খরচের ব্যবস্থাও করছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মোঃ আব্বাস আলী শুধু সাময়িক সহায়তায় থেমে থাকতে চান না; তিনি এলাকায় স্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে চান। তার লক্ষ্য হলো ঢাকার ১৬ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ডে পরিণত করা। যেখানে থাকবে উন্নত রাস্তাঘাট, পর্যাপ্ত কর্মসংস্থান এবং শতভাগ শিক্ষার সুযোগ।
এছাড়াও তিনি পরিকল্পনা করছেন এমন একটি সমাজ গড়ে তোলার, যেখানে কেউ অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না। এ লক্ষ্যে স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
এলাকাবাসীর বিশ্বাস, আগামী দিনে যদি মোঃ আব্বাস আলী বড় কোনো দায়িত্ব পান, তাহলে তার নেতৃত্বে এলাকায় আরও ব্যাপক উন্নয়ন সাধিত হবে। জনগণের দুঃখ-দুর্দশা লাঘব এবং একটি সুন্দর সমাজ গঠনে তার মতো সমাজসেবী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন তারা।
মানবিকতা, উন্নয়ন ভাবনা এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার—এই তিনটি বিষয়ই আজ মোঃ আব্বাস আলীকে এলাকাবাসীর কাছে একজন সত্যিকারের জনবান্ধব সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।