
আল হাফিজ-মোল্লাহাট (বাগেরহাট) :
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসার অভিযোগ উঠেছে একাধিক ব্যবসায়ীর বিরুদ্ধে।সরেজমিনে দেখা যায়,
গাওলা ইউনিয়নের শুড়িগাতী সরকারি পুকুর এলাকায় মেসার্স চয়ন ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে সার ও কীটনাশক ব্যবসা পরিচালনা করছেন দিপালোক কির্ত্তুনিয়া। তিনি বলেন, তার সারের বৈধ লাইসেন্স নেই। তবে কীটনাশকের লাইসেন্স রয়েছে বলে জানান। সংশ্লিষ্ট ব্যবসায়ী দাবি করেছেন, তিনি কৃষি অফিসের সঙ্গে সমন্বয় করেই ব্যবসা পরিচালনা করছেন।মোল্লাহাট উপজেলা বিএনপি সভাপতি শেখ হাফিজুর রহমানের অনুমতি নিয়ে ব্যবসা করেন বলে জানান।
অন্যদিকে একই ইউনিয়নের জয়খা এলাকায় দেবদাস মন্ডল (পিতা: কালীপদ মন্ডল), গ্রাম মাদারতলী, মোল্লাহাট—তার বিরুদ্ধেও সারের ও কীটনাশকের কোনো লাইসেন্স না থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ইউরিয়া সার ২৮/২৯ টাকা, ডিএপি ৩০/৩২ টাকা, এমওপি ২৩/২৪ টাকা এবং টিএসপি ৩০ টাকায় বিক্রি করছেন।সরেজমিনে সত্যতা পাওয়া যায়। কৃষকদের দাবি, এসব সার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে।
কৃষকদের ভাষ্য, সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের স্বার্থে নির্ধারিত দামে সার সরবরাহ করলেও মাঠপর্যায়ে মনিটরিং দুর্বল হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে বিক্রি করছেন। এতে উৎপাদন খরচ বাড়ছে এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা চাপে পড়ছেন।
কৃষি নির্ভর অঞ্চলে বেশি দামে সার বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি এখন সময়ের দাবি বলে মনে করছেন।

