
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বালু ফেলে একটি খাল ভরাট করা হয়েছে। ফলে সরাসরি পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। এলাকার কৃষকরা এতে বিপাকে পড়েছেন। তাঁরা দ্রুত খাল উদ্ধারের দাবি জানিয়েছেন।
এদিকে খালের ওই অংশসহ আশপাশের জায়গা পার্শ্ববর্তী মন্দিরের দাবি করে সেখানে বালু ভরাট বন্ধের দাবিতে গত বুধবার দুপুরে হওয়া মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনায় বৃহস্পতিবার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
সরেজমিনে বাদে অরুয়াইল গ্রাম ঘুরে দেখা গেছে, অভিযুক্ত সহিদ মিয়া দৃশ্যমান খালের জায়গা বালু দিয়ে ভরাট করে ফেলেছেন।
খালের এক পাশ থেকে ১০০ গজ জায়গায় বালু ফেলে ভরাট করা হয়েছে। ভরাট হওয়া জায়গার দুই পাশেই পানি রয়েছে। বালুর কারণে সেতুর নিচ দিয়ে খালের পানিপ্রবাহ একেবারে বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে সহিদ মিয়া বলেছেন, ‘যেটি খাল দেখা যায়, সেটি আসলে জমি। আর এই জমি আমার নিজের মালিকানার।’
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। দুই পক্ষই নিজের জায়গা বলে দাবি করে।
আদালতে মামলা চলমান বিধায় বিষয়টি মীমাংসা করা যায়নি। খাল দখল করতে সহিদ মিয়াকে নিষেধ করা হয়।
দিনে না করলে রাতে তিনি খাল ভরাট করে ফেলেন।

