
নাজমুল আহসান-গাজীপুর :
গাজীপুরের শ্রীপুর উপজেলার গজারি বনের পাশ থেকে আগুনে দগ্ধ অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহে আগুন লাগিয়ে প্রমাণ নষ্টের চেষ্টা করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়ন এলাকার এমসি বাজার–বরমী আঞ্চলিক সড়কের বিন্দাবন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ২০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যুবককে অন্য কোথাও হত্যা করে পরে নির্জন গজারি বনের পাশে এনে শুকনো পাতা ও খড়কুটো দিয়ে আগুন দেওয়া হয়। এতে মরদেহের অধিকাংশ অংশ পুড়ে গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং নিহতের পরিচয় শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এলাকায় এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

