
মার্শাল হাসান :
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মো. আলী হোসেন ফকিরকে বর্তমান পদ থেকে পদোন্নতি দিয়ে পুলিশ মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাকে পুলিশ সদর দপ্তর, ঢাকায় পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তিনি দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নতুন আইজিপি মো. আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাট জেলায়। প্রশাসনিক দক্ষতা ও পেশাগত সুনামের কারণে তার এ নিয়োগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

