
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি,জাতীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান-এর আগমন উপলক্ষে নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নে এক বিশাল সংবর্ধনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ ফেব্রুয়ারী সোমবার দুপুরে বিদ্যাকুট ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সর্বস্তরের ইউনিয়নবাসীর পক্ষ থেকে এই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
ইতালি প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক আলতাফ হোসেন বশীরের নেতৃত্বে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
আলতাফ হোসেন বশীরের কার্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা এডভোকেট আব্দুল মান্নান।
অনুষ্ঠানে বিদ্যাকুট ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের স্লোগান আর মিছিলে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
সমাবেশে বক্তারা এডভোকেট আব্দুল মান্নানের সংগ্রামী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
ইতালি প্রবাসী আলতাফ হোসেন বশীরের উদ্যোগে আয়োজিত এই সমাবেশটি ছিল অত্র এলাকায় বিএনপির শক্তি প্রদর্শনের এক অনন্য নজির।
শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

