
মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, প্রায় দেড় যুগ পর বাংলাদেশের জনগন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি নির্বাচিত সরকার পেয়ে গণতন্ত্রের স্বাদ উপভোগ করছে। বিএনপি’র নিরঙ্কুশ বিজয় মূলত বাংলাদেশের জনগনেরই বিজয়। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী বিতর্কিত কোনো কাজে জড়িয়ে পড়লে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনার নাগরিকবৃন্দ ও দলীয় নেতাকর্মীদের সম্মানে ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
ইফতার মাহফিলের তারিখ ও কমিটি গঠন: সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৬ রমজান (০৬ মার্চ) খুলনা ক্লাব মিলনায়তনে খুলনা জেলা বিএনপি’র ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানটি সফল করতে মো. মনিরুজ্জামান মন্টুকে আহবায়ক এবং সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করে অর্থ ও ক্রয় কমিটিসহ পাঁচটি উপ-কমিটি গঠন করা হয়েছে।
চাঁদাবাজী ও অপপ্রচার রোধে কঠোর বার্তা: মনিরুজ্জামান মন্টু আরও বলেন, “ইফতার মাহফিলকে কেন্দ্র করে কোথাও কোনো অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী জনগনের নির্বাচিত সরকার ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। তৃণমূলের নেতাকর্মীদের এই ‘বটবাহিনী’র অপপ্রচার সম্পর্কে সজাগ থাকার নির্দেশ দেন তিনি।
অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্কতা: জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, অচিরেই কেন্দ্র থেকে দল পুনর্গঠনের নির্দেশ আসতে পারে। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, দলে কোনো বেঈমান বা অনুপ্রবেশকারীর জায়গা হবে না। ত্যাগের মূল্যায়ন করে জেলা বিএনপি পুনবিন্যাস করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রস্তুতি সভায় জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, এসএম শামীম কবির, গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজলসহ জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ইফতার মাহফিল সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

