
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং মহদীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন নাজমুল হাসান হানিফ। এ উপলক্ষে তিনি এলাকার সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।
ঘোষণাকালে তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তিনি নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখবেন। বিশেষ করে রাস্তা-ঘাট উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, তরুণ সমাজের কর্মসংস্থান এবং ওয়ার্ডবাসীর ন্যায্য অধিকার আদায়ে তিনি অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
নাজমুল হাসান হানিফ একজন সাবেক ছাত্রনেতা। তিনি বর্তমানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), পলাশবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন।
এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেন,
“আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও সমর্থনই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থাকব এবং একটি আদর্শ ওয়ার্ড গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”
তার প্রার্থিতা ঘোষণায় স্থানীয় মহলে আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

