শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির সমন্বয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গাজীপুর ওশান ক্যাডেট একাডেমি ও মুনলাইট ইংলিশ ভার্সন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৬। সোমবার (১৬ ফেব্রুয়ারি) একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর ওশান ক্যাডেট একাডেমী ও মুনলাইট ইংলিশ ভার্সন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রুহুল আমিন স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আমরা সকলে মিলে একটি শান্তিপ্রিয় এলাকা গড়ে তুলবো। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সবসময় সচেষ্ট থাকবে।”
প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত এমপি ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “শ্রীপুরের মাটিতে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকদ্রব্য ব্যবসায়ী থাকতে পারবে না। প্রশাসনের সহযোগিতায় এসব অপতৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা শ্রীপুরকে একটি আধুনিক, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় সঙ্গীত পরিবেশন করেন দেশবরেণ্য শিল্পী লিজা সহ অন্যান্য আমন্ত্রিত শিল্পীরা। তাদের পরিবেশনায় উপস্থিত দর্শকরা মুগ্ধ হন।
সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে