
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
নির্বাচনী দায়িত্ব পালনের পথে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন একদল আনসার সদস্য। বুধবার (বিকেল সাড়ে তিনটা) গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচন উপলক্ষে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম নিয়ে একটি গাড়ি হাসেম বাজার থেকে রূপার বাজারের দিকে যাচ্ছিল। পথে সোলাগাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির সামনের চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পাশের একটি খাদে পড়ে যায়।
গাড়িটিতে নির্বাচনী মালামাল এবং সেগুলোর নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা অবস্থান করছিলেন। দুর্ঘটনাটি ভয়াবহ রূপ নিতে পারত, তবে সৌভাগ্যবশত গাড়িতে থাকা সকল আনসার সদস্য অক্ষত ও নিরাপদ রয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জামের কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। খবর পেয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান এবং পরিস্থিতি স্বাভাবিক করেন।
দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উৎকণ্ঠা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

