
মাসুম বিল্লাহ-খুলনা :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বিগত স্বৈরাচারী শাসনামলে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। দীর্ঘ প্রতীক্ষার পর এবারের নির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোট দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার দিনভর নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঞ্জু বলেন, “বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনরুদ্ধারে আমাদের সহযোদ্ধারা যে রক্ত দিয়েছেন, সেই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। শহীদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দিন।”
সোমবার সকাল সাড়ে ৯টায় নজরুল ইসলাম মঞ্জু নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের পিটিআই মোড় ও পূর্ব বানিয়াখামার এলাকায় গণসংযোগের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর সকাল সাড়ে ১০টায় ১৯ নম্বর ওয়ার্ডের পৈপাড়া ও পশ্চিম বানিয়াখামার এবং বেলা সাড়ে ১১টায় ২৮ নম্বর ওয়ার্ডের টুটপাড়া সেন্ট্রাল রোডসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং কুশল বিনিময় করেন।
এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “এ মুহূর্তে যে কয়টি রাজনৈতিক দল মাঠে রয়েছে, তাদের মধ্যে একমাত্র বিএনপিরই রাষ্ট্র পরিচালনার দীর্ঘ ও সফল অভিজ্ঞতা আছে। দেশকে সঠিক পথে এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব। আসুন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্র পুনর্গঠনের সংগ্রামকে সার্থক করতে আমরা ঐক্যবদ্ধ হই।” তিনি আরও উল্লেখ করেন যে, তারেক রহমান ঘোষিত ‘৩১ দফা’ বাস্তবায়নের মাধ্যমেই একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করা হবে।
বিকেল সাড়ে ৩টায় খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থীর সমর্থনে এক বিশাল নির্বাচনী প্রচার মিছিল বের করা হয়। নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে মিছিলটি নগরীর রূপসা মোড় থেকে শুরু হয়ে পিটিআই মোড়, রয়েল চত্বর,সাতরাস্তামোড়ওময়লাপোতা হয়ে শিববাড়ি চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশগ্রহণ করেন।
বাদ মাগরিব ২২ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ায় খান মঈনুল হাসান মিঠুর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তরিকুল আলম তরিকের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নজরুল ইসলাম মঞ্জু। সন্ধ্যা ৭টায় ২৬ নম্বর ওয়ার্ডের নাজিরঘাট এলাকায় এবং রাত ৯টায় খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার নড়াইলবাসীদের উদ্যোগে আয়োজিত পৃথক মতবিনিময় সভায় তিনি অংশগ্রহণ করেন।
দিনের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, বর্তমান সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদ ও সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ,জাফরউল্লাহ খান সাচ্চু, কাজী মো. রাশেদ,অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব হাসান পিয়ারু,নজরুল ইসলাম বাবু ,শেখ বায়েজিদ,যুবদলের সুলতান মাহমুদ সুমন,আসিফ, সোহেল,স্বেচ্ছাসেবক দলের রাকিবুল হাসান রাকিব,মাজহারুল, মাসুম বিল্লাহ সহ স্থানীয় ও মহানগর পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
নজরুল ইসলাম মঞ্জু ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তার প্রচারণা সমাপ্ত করেন।

