
নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের প্রচার প্রচারণার শেষ দিনে মানুষের ঢল নমেছে।আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারীতে জেলা বিএনপির নেতৃত্বে প্রায় লক্ষাধিক ভোটার অংশগ্রহণে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নেতৃত্বে মিছিলটি জেলা শহরের ডিসি মোড় থেকে শুরু হয়ে ডোমার সড়কের রুবেল চত্বরে গিয়ে শেষ হয়।
ডিসি চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তুহিন বলেন, “১২ ফেব্রুয়ারি জনগণের ক্ষমতায়নের দিন। নীলফামারীকে বদলে দিতে চাই। এজন্য আপনাদের সমর্থন প্রয়োজন। ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন, আমি কাজ শুরু করব।”
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল অনুষ্ঠান পরিচালনা করেন। এছাড়া তুহিনের পিতা ও প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামসহ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মিছিলে নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষও অংশগ্রহণ করেন, যা নির্বাচনী পরিবেশকে উৎসবমুখর করে তোলে।

