
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর মোঃ আব্দুর রশিদ। তাঁর এই দায়িত্ব গ্রহণ উপলক্ষে আজ ৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. সকালে কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবনিযুক্ত অধ্যক্ষ শিক্ষক পরিষদ মিলনায়তনে উপস্থিত হলে শিক্ষক পরিষদ পক্ষ থেকে তাঁকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের পর তিনি কলেজের একাডেমিক পরিবেশ উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা আনয়নের লক্ষ্যে শিক্ষক ও কর্মচারীদের সাথে দীর্ঘক্ষণ মতবিনিময় করেন।
প্রফেসর মোঃ আব্দুর রশিদ তাঁর বক্তব্যে কলেজের গৌরবময় ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করা এবং কলেজের অবকাঠামোগত উন্নয়নে আমরা সম্মিলিতভাবে কাজ করব।”
সভায় কলেজের শিক্ষক পরিষদের সম্পাদকসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা নতুন অধ্যক্ষের মেধা ও অভিজ্ঞতার প্রশংসা করেন এবং তাঁর নেতৃত্বে কলেজটি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

