
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের নির্বাচনী লড়াইয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীক ফিরে পেয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।
আজ সোমবার বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় সেই গণজোয়ারের প্রতিফলন ঘটে।
এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান উপজেলাবাসীর উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন।
জনসভায় আব্দুল মান্নান তাঁর বক্তব্যে নবীনগরের দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। তাঁর দেওয়া উল্লেখযোগ্য।
নবীনগরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি—ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ: এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের অভিশাপ থেকে রক্ষা করে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ নবীনগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নবীনগরে একটি আধুনিক মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা দেন তিনি।
বিশাল গণজমায়েত ও নেতাকর্মীদের অংশগ্রহণ:
বিকেল গড়ানোর সাথে সাথেই নবীনগরের বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে হাজির হন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
জনসভাটি এক পর্যায়ে বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
আয়োজকদের মতে, প্রায় ৪৫ থেকে ৫০ হাজার মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ।
উপস্থিত ভোটার ও সাধারণ মানুষের মাঝে এক আবেগঘন পরিবেশ লক্ষ্য করা গেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘ ১৭ বছর পর তাঁরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
জনসভায় উপস্থিত সাধারণ মানুষের মুখে একই কথা শোনা যায়—”দীর্ঘ প্রতীক্ষার পর আমরা ধানের শীষ প্রতীক পেয়েছি, এবার আমরা এই প্রতীক ছেড়ে অন্য কোথাও যাব না।”
উপস্থিত জনতা স্লোগানে স্লোগানে আব্দুল মান্নানের প্রতি তাঁদের অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেন এবং নবীনগরের উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন।

