
মাসুম বিল্লাহ-খুলনা :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, কালো টাকা দিয়ে ভোট কেনার কোনো পরিকল্পনা বিএনপির অতীতেও ছিল না, ভবিষ্যতেও নেই। তিনি অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী ভোটার তালিকা বিলির নামে সাধারণ মানুষের আইডি কার্ড, মোবাইল নম্বর এবং বিকাশ-নগদ নম্বর সংগ্রহ করছে, যা প্রমাণ করে তারা অসৎ উপায়ে নির্বাচনে বিজয়ী হতে চায়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরীর সোনাডাঙ্গা ১৭ নম্বর ওয়ার্ডের হাসানবাগ, আল ফারুক রোড এবং ডাক্তার পাড়া আসর বাদ জিন্না পাড়া হাজী আব্দুল মালেক মাধ্যমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ মাগরিব বাদ সাত রাস্তার মোড়, বাগমারা এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, “বিএনপি গত ১৬ বছর ধরে রাজপথের দল। জনগণের প্রত্যাশা নিয়েই আমরা মাঠে আছি। জামাত বিএনপির জনপ্রিয়তাকে সস্তা হিসেবে দেখাতে চাইলেও সেটি সম্ভব হবে না। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করে মানুষের প্রত্যাশা পূরণ করবে।”
নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও বিপুল প্রত্যাশা দেখা যাচ্ছে। বিএনপির পরিকল্পনাকে জনগণ স্বাগত জানিয়েছে বলেই যেখানেই গণসংযোগ করা হচ্ছে, সেখানেই মানুষের ঢল নামছে। তিনি আরও যোগ করেন, “আমাদের নেতা তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আমরা নতুনভাবে দেশকে সাজাব। ইনশাআল্লাহ, আমরা কামিয়াব হব।”
এসময় তিনি বিএনপি কর্মীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি মেনে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের জন্য জনমত তৈরি করার আহ্বান জানান।
গণসংযোগ ও লিফলেট বিতরণে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, নজরুল ইসলাম বাবু, সুলতান মাহমুদ সুমন শামসুজ্জামান চঞ্চল,স্বেচ্ছাসেবক দলের রাকিবুল ইসলাম রাকিব,মিজানুজ্জামান তাজ,সোহেল, আসিফ, মাজহারুল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

