
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা আখাউড়ায় বিশেষ অভিযানে নেমেছে যৌথবাহিনী।
গতকাল বিকেলে আখাউড়া উপজেলার নারায়ণপুর এলাকায় যৌথবাহিনীর একটি দলকে ব্যাপক তৎপরতায় দেখা যায়। এ সময় অপ্রীতিকর ঘটনা রুখতে এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। তল্লাশি কার্যক্রমে বিশেষ সহায়তা নিতে দেখা গেছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বা ডগ স্কোয়াডকে।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন ও গণভোট ঘিরে যেকোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে তারা সজাগ রয়েছে।
সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ।
বিস্ফোরক ও অবৈধ অস্ত্রের চোরাচালান বন্ধ করা।
নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখা।
নারায়ণপুর এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, ডগ স্কোয়াডসহ যৌথবাহিনীর এই কঠোর অবস্থানের ফলে সাধারণ মানুষের মনে নিরাপত্তার বোধ তৈরি হয়েছে। যাত্রীবাহী বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন সবকিছু পরীক্ষা করা হচ্ছে।
যৌথবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের আগ পর্যন্ত জেলাজুড়ে এই বিশেষ অভিযান ও নিয়মিত টহল অব্যাহত থাকবে। কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

