
ঢাকা ১৭ আসনের জামাতের প্রার্থী ডাঃ খালিদুজ্জামান অবিলম্বে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আন্দোলনমূলক কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া)। প্রয়োজনে তাকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষণার কথাও জানানো হয়েছে।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা মতিউর রহমান এক বিবৃতিতে বলেন,
“খালেকুজ্জামান যদি অবিলম্বে ক্ষমা না চান, তাহলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব। প্রয়োজনে রাস্তায় নামতে বাধ্য হব। এটা সেনাবাহিনীর আত্মসম্মানের ব্যাপার, এখানে কোনো আপস নেই।”
তিনি আরও বলেন, সেনাবাহিনী ও প্রাক্তন সেনাসদস্যদের সম্মান রক্ষায় বেসওয়া সবসময় আপসহীন অবস্থানে থাকবে।
এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ আব্দুল বাতেন বলেন,
“খালেকুজ্জামান ক্ষমা না চাইলে তাকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হবে। সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, বেসওয়া সদস্যদের সম্মান ও মর্যাদা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সংগঠনের তথ্য উপদেষ্টা মোঃ শিহাব উদ্দিন বলেন,
“অবিলম্বে জাতির কাছে ঢাকা-১৭ আসনের জামাতের পক্ষ থেকে ক্ষমা চাইতে হবে। তার দাম্ভিক আচরণে জাতি হতবাক। এই ধরনের বক্তব্য ও আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি বলেন, দেশের সচেতন মহল বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং বেসওয়া এ বিষয়ে কঠোর অবস্থানে থাকবে।
বেসওয়া নেতৃবৃন্দ জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষমা না চাইলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

