
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নানকে বিজয়ী করার লক্ষ্যে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ।
আজ ০৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে উপজেলার শ্রীরামপুর ও গোপালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় প্রাইমারি স্কুল মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় শ্রীরামপুর ও গোপালপুর ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এ সময় পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
ঘর থেকে ঘরে যাওয়ার ডাক
নির্বাচনী সভায় স্থানীয় নেতৃবৃন্দ অ্যাডভোকেট আব্দুল মান্নানকে ‘ঘরের ছেলে’ হিসেবে অভিহিত করে বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ধানের শীষের বিকল্প নেই।
বক্তারা উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,”আমাদের ঘরের ছেলেকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
আজ থেকে প্রতিটি মা-বোন এবং সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে আমাদের কাঙ্ক্ষিত বিজয় এনে দিতে।”
তৃণমূলের গণজোয়ারে বিকেলে অনুষ্ঠিত এই সভায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
স্থানীয় বিএনপি নেতারা জানান, ধানের শীষের পক্ষে এলাকায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। তারা ভোটারদের কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার শপথ নেন।
সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং নির্বাচনের দিন পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থেকে মাঠ পাহারা দেওয়ার নির্দেশনা দেন।

