
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এক বিশাল নির্বাচনী জনসভা। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আমীর, পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
মুক্তির মূলমন্ত্র, ইসলামি শাসনতন্ত্র—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, “একটি দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে ইসলামি শাসনতন্ত্রের বিকল্প নেই।
জনগণের প্রত্যাশা পূরণে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে চাই।”
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মুহা. নজরুল ইসলাম নজু। তিনি তাঁর বক্তব্যে নবীনগরবাসীর সুখে-দুখে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে ‘হাতপাখা’ মার্কায় ভোট প্রার্থনা করেন।
বিশেষ অতিথি ও সভাপতিত্ব
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। জনসভায় সভাপতিত্ব করেন দলের নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকার।
দুপুর থেকেই নবীনগরের বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। বিকেলের মধ্যেই ঐতিহাসিক পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
দলীয় সূত্রে জানা গেছে, এই সভায় প্রায় ১০ হাজার মানুষের সমাগম ঘটে। উপস্থিত জনতা মুহুর্মুহু স্লোগানে প্রার্থী নজরুল ইসলাম নজুর প্রতি তাদের সমর্থন জানান।
বক্তারা বলেন, আগামীর বাংলাদেশে ইনসাফ কায়েম এবং নবীনগরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হাতপাখার বিজয় নিশ্চিত করা সময়ের দাবি। শান্তিপূর্ণভাবে জনসভাটি শেষ হয়।

