
মাসুম বিল্লাহ-খুলনা :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আগামী ২ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের খুলনা আগমনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় এক বিশাল জোয়ার সৃষ্টি হবে। এই ঢেউয়ের মাধ্যমেই নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হবে।শনিবার (৩১ জানুয়ারি) সকালে মহানগরীর বিভিন্ন এলাকায় নির্বাচনী মতবিনিময় ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু জানান, ২ ফেব্রুয়ারি খুলনার বিভাগীয় জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনা বিভাগের তিন জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং এই অঞ্চলের টেকসই উন্নয়নের দিকনির্দেশনা দেবেন। তিনি আরও বলেন, “চেয়ারম্যানের বার্তা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। খুলনার মানুষ বিএনপিকে ভালোবাসে এবং তারা ধানের শীষের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছে।”
শনিবার সকাল সাড়ে ৯টায় শেখপাড়া সৃজনী শিশু শিক্ষালয়ে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জু। সেখানে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান রুম্মানসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এরপর সকাল ১০টায় তিনি ১৭ নম্বর ওয়ার্ডের হাফিজনগর ও হাসানবাগ এলাকায় গণসংযোগ করেন। বেলা সাড়ে ১১টায় ২১ নম্বর ওয়ার্ডের ক্লে রোড, হ্যানিম্যান মার্কেট, হেরাজ মার্কেট এবং স্বর্ণ পট্টিসহ বিভিন্ন বিপণিবিতানে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা খুলনাকে একটি মাদকমুক্ত সমাজ এবং নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চাই। বিএনপি দেশ পরিচালনার অভিজ্ঞতা ও সামর্থ্য রাখে। জনগণের অধিকার আদায়ে দীর্ঘ সংগ্রামের কারণে মানুষ এখন ধানের শীষের প্রতি অধিক আগ্রহী।”
গণসংযোগ ও নির্বাচনী কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল,সুলতান মাহমুদ সুমন, শের আলম সান্টু, ইকবাল হোসেন খোকন, ইউসুফ হারুন মজনু,ইকবাল হোসেন,আকাশ শেখ সহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ব্যবসায়ীরা।

