
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে যৌথ বাহিনীর উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে লাইসেন্সবিহীন একাধিক যানবাহন জব্দসহ বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম চালানো হয়।
মঙ্গলবার দিনব্যাপী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। এ সময় যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও রুট পারমিট যাচাই করা হয়।
অভিযান চলাকালে বৈধ কাগজপত্রবিহীন কয়েকটি মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন জব্দ করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি এবং যানবাহনের ভিতরেও তল্লাশি চালানো হয়।
যৌথ বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ চলাচল বন্ধ করা এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করে যানবাহন চালাচ্ছেন বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া সড়কে চলাচল করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে আকস্মিক এ অভিযানে সাধারণ চালক ও পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

