
সাইমন :
নান্দাইল পৌরসভার ৯ নং ওয়ার্ডের উত্তর চন্ডিপাশা নিবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব আবু বক্কর সিদ্দিক মাষ্টার সাহেব–এর জানাযা নামাজ মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাযায় এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। তিনি একজন অত্যন্ত সৎ, নীতিবান ও সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তাঁর ইন্তেকালে এলাকায় এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)–এর চেয়ারম্যান ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জননেতা এ কে এম আনোয়ারুল ইসলাম চান। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার সাবেক কমিশনার মোঃ কাদির হোসেন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় পরিচালক ও ঢাকা বিভাগীয় সভাপতি সাইমন। তাঁরা মরহুমের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আবু বক্কর সিদ্দিক মাষ্টার সাহেব আজীবন সততা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়ে গেছেন, যা সমাজের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
মরহুমের জানাযা শেষে দোয়া মাহফিলে মহান রাব্বুল আলামিনের দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য দোয়া করা হয়।
আবু বক্কর সিদ্দিক মাষ্টার সাহেবের মৃত্যুতে নান্দাইলবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর স্মৃতি ও অবদান এলাকাবাসীর হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবে।

