
মাসুম বিল্লাহ-খুলনা :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি মঞ্জুর করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটি কার্যকর হবে। আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) এবং ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান এবং সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ছুটি বলবৎ থাকবে। একই সাথে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্যও এই ছুটি প্রযোজ্য হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগ এবং ভোট গ্রহণের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এবং শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের নিজ এলাকায় গিয়ে ভোট দেওয়ার সুবিধার্থে ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। বিশেষ করে পোশাক শিল্পসহ বিভিন্ন শিল্পাঞ্চলের শ্রমিকরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন, সেই লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

