
মাসুম বিল্লাহ-খুলনা :
ব্যবসায়ীদেরকে অর্থনীতির প্রাণশক্তি অভিহিত করে খুলনাকে ব্যবসা বান্ধব নগরী হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি মন্তব্য করেছেন, ব্যবসায়ীরা ন্যায়নিষ্ঠ ও ইমানদার হলে জনসাধারণ উপকৃত হয়, আর অন্যথা হলে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ থাকে না।
আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে খুলনা মহানগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করে নতুন বাজার লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ করেন তিনি। গণসংযোগকালে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে খুলনার সদর আসন থেকে প্রতিদ্বন্দ্বী এই প্রার্থী বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলের ধারাবাহিকতায় ৫ আগস্টের পরেও বিভিন্ন জায়গায় ক্ষুদ্র, মাঝারি ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা নানা ভাবে হয়রানি ও চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে আমার কাছে অভিযোগ এসেছে।” তিনি হুশিয়ারি দিয়ে বলেন, “ব্যবসায়ীরা চাঁদা দিলে সেই অর্থ সমন্বয় করতে গিয়ে পণ্যের দাম বাড়িয়ে দেয়, ফলে ক্রেতারা বাড়তি দামের যাতাকলে পিষ্ট হয়।”
মঞ্জু আরও বলেন, এমপি নির্বাচিত হলে খুলনা মহানগরীতে কোন ধরনের সমাজবিরোধী গোষ্ঠী অপতৎপরতা চালাতে পারবে না। ব্যবসায়ীদের নির্ভয়ে ব্যবসা করার পরিবেশ নিশ্চিত করা হবে।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন,খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা, আসাদুজ্জামান মুরাদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু,মাহবুব কায়সার,মাহবুব হাসান পিয়ারু,শের আলম সান্টু,একরামুল হক হেলাল,কেএম হুমায়ুন কবির,ইউসুফ হারুন মজনু,জামাল ভূঁইয়া, শামসুজ্জামান চঞ্চল, শরিফুল ইসলাম বাবু, শফিকুল ইসলাম শফি, মোস্তফা কামাল, রিয়াজুর রহমান, আলমগীর কবির, খায়রুল ইসলাম লাল, সিদ্দিকুর রহমান, জাহিদ কামাল টিটু সহ বিএনপির, মহানগর, থানা ও ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

